শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী শিশুদের একযোগে শতকন্ঠে গীতাপাঠ ও শারদীয় উপহার বস্ত্র দান করা হয়েছে। শারদীয় দুর্গাপূজার প্রথমদিন শুক্রবার বিকেলে বরিশাল বিভাগের সবচেয়ে বেশি পূজা মন্ডবের উপজেলা আগৈলঝাড়ার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সুর্দশন চক্র ফাউন্ডেশনের আহবায়ক বাপ্পী হালদারের সভাপতিত্বে সনাতন ধর্মাবলম্বী শিশুদের শতকন্ঠে গীতাপাঠ অনুষ্ঠান শেষে বিভিন্ন গ্রামের ১০টি গুরুকুল স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে সুর্দশন চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে শারদীয় উপহার বস্ত্র দান করা হয়েছে।
সুর্দশন চক্র ফাউন্ডেশনের আয়োজনে শতকন্ঠে গীতা পাঠ ও বস্ত্র দান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব দীনেশ চন্দ্র হালদার, শশিকর কলেজের সহকারী অধ্যাপক জ্যোতিন্ময় বৈরাগী, বাকাল ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব সুরজিত পান্ডে বাপ্পি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পলাশ হালদার। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন বালা, কোদালধোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকা রীতা হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অনিমেষ হালদার, কোদালধোয়া গ্রামের স্থানীয় জুয়েল দাস. সুর্দশন চক্র ফাউন্ডেশনের শিক্ষা সেলের প্রধান পংকজ হালদার প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেছেন স্থানীয় তরুন সমাজ সেবক সুদীপ্ত সরকার উন্নয়ন।
অনুষ্ঠানে পতিহার গ্রামের গুরুকুল স্কুলের শিক্ষক স্বপন সরকার শতাধিক শিশু শিক্ষার্থীদের একসাথে শতকন্ঠে গীতাপাঠ করিয়েছেন। জানা গেছে, সুর্দশন চক্র ফাউন্ডেশন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামে গুরুকুল স্কুল পরিচালনা করে আসছে। এখানে ৫ থেকে ১০ বছর বয়সের শিশুদের সনাতন ধমীয় শিক্ষা দেওয়া হচ্ছে। আগামীতে দেশের বিভিন্ন উপজেলার গ্রামেও গুরুকুল স্কুল প্রতিষ্ঠা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। আগৈলঝাড়া উপজেলার পাকুরিতা, কোদালধোয়া, সরবাড়ি, পতিহার, আমবাড়ি, পশ্চিম বাগধা, রামানন্দের আকঁ, বাহাদুরপুর, সোমাইরপাড়, পশ্চিম গোয়াইলসহ ১০টি গ্রামের গুরুকুল স্কুলের শিশু শিক্ষাথী, অভিভাবক, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।