মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন ধর্মের শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছে শ্রীকৃষ্ণ যুবসংঘ। শনিবার রাত ৯টায় শমশেরনগর বাজারের শহীদ শামছু রোডে অবস্থিত দুর্গামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব বস্ত্র বিতরণ করা হয়। শ্রীকৃষ্ণ যুবসংঘ, শমশেরনগরের সভাপতি শিমুল কান্তি পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিহির কুমার ধর, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র দাস এবং শমশেরনগর ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিজিত চন্দ্র পাল প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ধর্মের শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সম্প্রীতি ও মানবিকতার বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।