চাঁদপুর কচুয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১৮ অক্টোবর, ২০২৬, ০৫:১৫ পিএম | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ০৫:০৬ পিএম
চাঁদপুর কচুয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

কচুয়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামের দু শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলার ৬ নম্বর কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ওই গ্রামের রহিম হোসেনের মেয়ে এবং সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে আসা বিল্লাল হোসেনের মেয়ে। সম্পর্কে তারা চাচাতো-ফুফাতো বোন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করেন। এরপর কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন।

একই সঙ্গে দু শিশুর এমন আকস্মিক মৃত্যুতে নিহতদের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, "পুকুরের পানিতে ডুবে দু শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।"

আপনার জেলার সংবাদ পড়তে