মেহেরপুরের গাংনীতে বাড়ির উঠানে রাখা বালতি ভর্তি পানিতে পড়ে পলাশ আহমেদ(১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পলাশ আহমেদ ওই গ্রামের মো. হারুন বলী ও পপি বেগমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ বাড়ির উঠানে খেলা করছিল।তার মা পপি বেগম গরুর গা ধোয়ানোর কাজে ব্যস্ত ছিলেন।এ সময় অসাবধানতাবশত পলাশ পাশে থাকা পানিভর্তি বালতিতে পড়ে যায়। পরে তার মা তাকে বালতি থেকে তুলে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমেছে শোকের ছায়া।সগাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাসেল রানা জানান, পানিতে ডোবা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে আমরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি।শিশুটিকে হাসপাতালে নেয়ার পূর্বেই মৃত্যু হয়েছে বলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়। ঘটনা সত্যতা নিশ্চিত করে ষোলটাকা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আরিফুল ইসলাম সুজা জানান, শিশু পলাশ আহমেদ বাড়ির ওঠানে খেলা করার সময় অসাবধানতাবশত বালতির পানিতে পড়ে আর ওঠতে পারেনি।পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে।কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতিও দেয়া হয়।