বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৬:৫৮ পিএম
বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু

বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯১ জন। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া দুজনই ঝালকাঠি জেলার বাসিন্দা। তাঁদের একজন রাশিদা বেগম (৬২)। তিনি নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামের বাসিন্দা। অপরজন রেক্সনা (৪৫), তাঁর বাড়ি রাজাপুর উপজেলায়। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৭১৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৯৮৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০০ জন। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ২৮ জন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার বলেন, বর্তমানে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে রোগ প্রতিরোধের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। তাঁর মতে, আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে আগেভাগে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ বেশি জরুরি। একই সঙ্গে স্বাস্থ্যসেবার বিদ্যমান সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। তিনি আরও বলেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বাড়িঘরের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। মশার প্রজননস্থল তৈরি হতে পারে এমন পরিবেশ এড়িয়ে চলার পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে