ফাইনাল খেলতে নতুন সমীকরণের সামনে টাইগাররা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ০৮:০২ পিএম
ফাইনাল খেলতে নতুন সমীকরণের সামনে টাইগাররা

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। দারুণ জয়ে সিরিজে শুভসূচনা করেছে আফগানরা। এখন লিগ পর্বের শেষ ম্যাচে আজ বুধবার আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাংলাদেশ এখনও পয়েন্ট পায়নি। অন্যদিকে জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের পয়েন্ট ২ করে। বাংলাদেশকে ফাইনালে যেতে হলে লাগবে ২ পয়েন্ট। তবে কেবল ২ পয়েন্ট পেলেই চলবে না। আছে নেট রান রেটের হিসাবও। আফগানদেরকে নির্দিষ্ট ব্যবধানে হারাতে পারলেই ফাইনালের টিকিট পাবে টাইগাররা, নয়ত জিতেও বাদ পড়তে হবে। বাংলাদেশ যদি আগে ব্যাট করে তখন আফগানিস্তানকে ৪১ রানে হারাতে হবে। সেক্ষেত্রে নেট রান রেটে জিম্বাবুয়েকে টপকে ফাইনালে চলে যাবে বাংলাদেশ দল। অন্যদিকে বাংলাদেশ যদি পরে ব্যাট করে তখন রান তাড়া করতে হবে দ্রুত। আফগানিস্তান যদি আগে ব্যাট করে বাংলাদেশকে ২০০ রানের টার্গেট দেয় তখন রান তাড়া করতে হবে ৪০.৩ ওভারের মধ্যে। যদি আফগানরা বাংলাদেশকে ২৫০ রানের টার্গেট দেয় তখন বাংলাদেশকে ৪১.৩ ওভারের মধ্যে রান তাড়া করতে হবে। আফগানরা যদি টাইগারদেরকে ৩০০ রানের টার্গেট দেয় তখন ৪২.২ ওভারের মধ্যে রান তাড়া করতে হবে বাংলাদেশ দলকে। এর পরে যদি বাংলাদেশ রান তাড়া করে জিতেও যায় তখনও নেট রান রেটে পিছিয়ে থাকাতে জিম্বাবুয়ে এবং আফগানিস্তান যাবে ফাইনালে। স্কোর সমান করে শেষ বলে চার বা ছক্কা হাঁকানোর ক্ষেত্রে কিছু বাড়তি বল থাকবে বাংলাদেশের হাতে। ২০০ রানের টার্গেটে যদি স্কোর সমান করে চার মারা যায়, তখন ৪১.১ ওভারের মধ্যে জিতলেই চলবে বাংলাদেশকে। যদি স্কোর সমান করে ছক্কা হাঁকানো যায়, তখন ৪১.৪ ওভারের মধ্যে জিততে হবে টাইগারদেরকে। ২৫০ রানের টার্গেটে ব্যাট করতে হলে, স্কোর সমান করে চার মারলে ৪২.১ ওভার পর্যন্ত সময় পাবে বাংলাদেশ। যদি স্কোর সমান করে ছক্কা হাঁকানো যায় তখন হাতে সুযোগ থাকবে ৪২.৩ ওভার পর্যন্ত। ৩০০ রানের টার্গেটে ব্যাট করলে, স্কোর সমান করে চার মারতে পারলে বাংলাদেশ সময় পাবে ৪২.৫ ওভার পর্যন্ত, স্কোর সমান করে ছক্কা হাঁকালে ৪৩.২ ওভার পর্যন্ত সময় থাকবে বাংলাদেশের হাতে। প্রশ্ন উঠতে পারে জিম্বাবুয়ের কি ফাইনাল খেলার সুযোগ আছে? অবশ্যই আছে। বাংলাদেশ যদি ৩৯ বা তার চেয়ে কম রানে আফগানিস্তানকে হারায় তখন জিম্বাবুয়ে এবং আফগানিস্তান যাবে ফাইনালে। যদি বাংলাদেশ আফগানিস্তানকে ২১৮ রান বা তার চেয়ে বেশি রানে হারাতে পারে তখন বিদায় নেবে আফগানরা। জিম্বাবুয়ে এবং বাংলাদেশ যাবে ফাইনালে। বাংলাদেশের কাছে ২১৬ রানে হারলেও ফাইনালে যেতে পারবে আফগানরা। তখন আফগানিস্তান এবং বাংলাদেশ ফাইনালে খেলবে। ৩ দলের সিরিজে পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে রয়েছে আফগানিস্তান। ১ ম্যাচ খেলে ১টিতেই জিতেছে তারা। তাদের পয়েন্ট ২। নেট রান রেট ধনাত্মক ৩.১৬০। অন্যদিকে জিম্বাবুয়ে ২ ম্যাচ খেলে ১ জয়ের সাথে ১ ম্যাচ হেরেছে। তাদের নেট রান রেট ঋণাত্মক ০.৫৯০। বাংলাদেশ আছে সবচেয়ে তলানিতে, মানে একদম ৩য় স্থানে। ১ ম্যাচ খেলে ১টিতে হেরেছে টাইগাররা, পয়েন্ট ০। নেট রান রেট ঋণাত্মক ১.৯৮০। ফাইনাল খেলার জন্য আফগানিস্তানকে কেবল হারালেই চলবে না বাংলাদেশের, সমীকরণ অনুযায়ী হারাতে হবে। মাঠের খেলাটাও তাই সেভাবে সমীকরণ ধরে হিসাব করেই খেলতে হবে। আজ বুধবার শারজাহতে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশ। আগামী শুক্রবার একই ভেন্যুতে ফাইনাল।