বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৩:৫৫ পিএম
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরন্তন শান্তি ও সম্প্রীতির আকাঙ্খা নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সমপ্রদায়ের সবচে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বাঙালী হিন্দুদের বিশ্বাসে-বোধনে অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর আগমণ ঘটে। পাঁচ দিন মৃন্ময়ীরুপে মন্ডপে মন্ডপে থেকে বুধবার (২১ অক্টোবর) ফিরে যান কৈলাসে স্বামী শিবের সান্নিধ্যে। পাবনার চাটমোহর উপজেলার বড়াল,গুমানী ও চিকনাই নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বুধবার বিজয়া দশমীতে দেবীবরণ ও সিঁদুর খেলার পর প্রতিমা নিয়ে বের হয় শোভাযাত্রা। এরআগে মন্ডপে মন্ডপে ভিড় করেন ভক্তরা। শোভাযাত্রার পর সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। উপজেলার ৫৪টি মন্ডপের মধ্যে হান্ডিয়াল জগন্নাথদেবের মন্দিরের দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়না। বাকি ৫৩টি মন্ডপের প্রতিমা সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন দেওয়া হয়েছে। বিসর্জনকালে উপজেলা ও পুলিশ প্রশাসন তদারকি জোরদার করে। চাটমোহরে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত ও প্রতিমা বিসর্জন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে