ভোলার দৌলতখানে রাস্তার পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এমন ঘটনাটি ঘটেছে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মিয়ার হাট - নইমুদ্দিন বাজার রাস্তার পাশে। জানাযায়, উদ্ধারকৃত মৃতদেহটি রাকিব (৩০) নামের এক যুবকের। সে ওই এলাকার বাসিন্দা আজগর বাড়ির নুর নবীর ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে মুসল্লিরা আজগর বাড়ির মসজিদের টয়লেট সংলগ্ন রাস্তার পাশে শাকিলের মৃতদেহটি দেখতে পায়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এদিকে রাস্তার পাশে যুবকের লাশ এমন খবরে এলাকার মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পরে । আলোচিত চাঞ্চল্যকর এ মৃত্যুর রহস্য নিয়ে এলাকার মানুষের মধ্যে নানা আলোচনা- সমালোচনা এবং উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দৌলতখান থানা অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম আমার দেশকে বলেন, লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।