পারস্য উপসাগরে ৪ জাহাজে ইরানের হামলা

এফএনএস (অনলাইন ডেস্ক): | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৩:৫১ পিএম
পারস্য উপসাগরে ৪ জাহাজে ইরানের হামলা

পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে অবৈধভাবে তেল স্থানান্তরের অভিযোগে চারটি জাহাজে একযোগে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। গতকাল বুধবার চালানো ওই হামলায় জাহাজ চারটিতেই আগুন ধরে যায় বলে জানিয়েছে বাহিনীটি। এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইনে আঘাত পেয়েছে বলেও দাবি করেছে তারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আইআরজিসির নৌবাহিনী জানায়, হামলার আগের দিন থেকেই জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছিল ইরানি বাহিনী। পরে বুধবার সেগুলোকে লক্ষ্য করে একযোগে হামলা চালানো হয়।

তবে হামলার শিকার জাহাজগুলোর পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরান।

পৃথক ঘটনায় হরমুজ প্রণালির পশ্চিমে তিনটি জাহাজ মাইনে আঘাত পেয়েছে বলে দাবি করেছে আইআরজিসির নৌবাহিনী। তবে জাহাজগুলোর নাম, মাইনের ধরন, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি তারা।

এদিকে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে আরও বিস্তৃত পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে আইআরজিসির নৌবাহিনী। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোও ইরানের পাল্টা পদক্ষেপের লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ধারাবাহিক এসব হামলার খবর আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।