শেরপুরের শ্রীবরদী উপজেলায় খালের পানিতে ভাসমান একটি প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজারসংলগ্ন একটি ব্রিজের নিচের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে খালের পানিতে নীল রঙের একটি প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখেন এলাকাবাসী। ড্রামটি নিয়ে সন্দেহ হলে তারা গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুলে ভেতরে এক নারীর লাশ দেখতে পায়। লাশটির গলায় কাপড় পেঁচানো ছিল। এ ছাড়া কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে রয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।