দেশের ইতিহাসে প্রথমবার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব উদযাপন: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৪:৩৬ পিএম
দেশের ইতিহাসে প্রথমবার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব উদযাপন: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পৃথক অঞ্চলে গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বগুড়ার হোটেল মম-ইনের অডিটোরিয়ামে আয়োজিত ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ প্রতিদিন। এতে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক লোটন একরাম।

মীর শাহে আলম বলেন, বিগত নির্বাচনে একটি গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিজেদের পকেটের লোক মনে করত। তবে সেই অবস্থান থেকে বেরিয়ে এসে তাঁরা বিএনপির প্রতি আস্থা রেখেছেন এবং দলটিকে বিশ্বাস করে ভোট দিয়েছেন।

প্রতিমন্ত্রীর ভাষ্য, হিন্দু সম্প্রদায়ের মানুষের এই আস্থার প্রতিফলন দেখা গেছে দুর্গোৎসবে। তাঁদের বিশ্বাসের কারণে সারা দেশে প্রায় ১ হাজার ২০০টি অতিরিক্ত পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এটি তাঁদের জন্য প্রত্যাশিত বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার মূল্য তারেক রহমানের নেতৃত্বাধীন জনগণের সরকার দিতে পেরেছে।

দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার বিষয়ে মীর শাহে আলম বলেন, প্রশাসনের সদস্য ও বিএনপির নেতাকর্মীরা সম্মিলিতভাবে পূজামণ্ডপগুলো পাহারা দিয়েছেন। তাঁদের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে