আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

এফএনএস বিনোদন | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৭:৫০ পিএম
আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজের অর্জনের তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি সম্মাননা। চার দশকের বেশি সময় ধরে অভিনয় ও প্রযোজনায় সাফল্যের স্বীকৃতি হিসেবে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন তিনি। ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন এই অভিনেতা। আগামী বছরের ২৪ এপ্রিল হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে টম ক্রুজের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পেয়ে তাঁর দীর্ঘ অভিনয়জীবনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অর্জন। অস্কারে একাধিকবার মনোনয়ন পেলেও এখনো প্রতিযোগিতামূলক পুরস্কারটি জেতা হয়নি তাঁর। তবে গত বছর সম্মানসূচক অস্কারে ভূষিত হন তিনি। এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে বলেন, ‘টম ক্রুজ বিশ্বজুড়ে পরিচিত একজন আইকন। অভিনেতা ও প্রযোজক হিসেবে তিনি নিজের প্রতিটি কাজের প্রতি অসাধারণ নিষ্ঠা দেখিয়েছেন। তার যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে, তা হলো সিনেমা এবং এর মাধ্যমে মানুষকে একত্র করার শক্তিতে প্রবল বিশ্বাস।’ তিনি আরও বলেন, ‘সিনেমার প্রতি এই ভালোবাসাই তাকে বিশ্বজুড়ে মার্কিন চলচ্চিত্রের একজন অসাধারণ দূত করে তুলেছে। ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তার হাতে তুলে দিতে পারা আমাদের জন্য সম্মানের।’ ১৯৮১ সালে অভিনয়জীবন শুরু করেন টম ক্রুজ। তাঁর অভিনীত সিনেমাগুলোর মোট আয় ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ‘রিস্কি বিজনেস’, ‘টপ গান’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’, ‘আ ফিউ গুড মেন’, ‘দ্য ফার্ম’ এবং ‘মিশন: ইমপসিবল’ সিরিজের সিনেমাগুলো তাঁকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দিয়েছে।