দৌলতখানের মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযান কাজে আসছে না

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০১:২৪ পিএম
দৌলতখানের মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযান কাজে আসছে না

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা আইন মানছে না জেলেরা। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মেঘনার অভয়াশ্রমে ২২ দিনের  অভিযান অব্যাহত থাকলেও কাজে আসছে না। ঢিলেঢালা অভিযানে  বেপরোয়া ও অসাধু জেলেরা মাছ ধরার নৌকা-ট্রলার নিয়ে প্রতিনিয়ত নদীতে জাল ফেলে মা ইলিশ নিধন অব্যাহত রেখেছে। সরজমিন গিয়ে  সঙ্ঘবদ্ধ জেলেরা নৌকা-ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতে দেখা গেছে। নিরাপদ প্রজনন ও  ইলিশের বংশ বিস্তারে মা ইলিশ রক্ষা প্রয়োজন কিছুই বুঝতে চায় না তারা। উপজেলার মেঘনা নদীর সাতবাড়িয়া, মাঝিরহাট, ঘোষের হাট, ভবানীপুর চেয়ারম্যান ঘাট, পাতার খাল মাছ ঘাটও মেদুয়া মাঝির  মাছ ঘাট, মদনপুর মেঘনা নদীর এলাকা ঘুরে জেলেদের মাছ ধরার এমন চিত্র দেখা গেছে। জেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, মা ইলিশের  সুরক্ষায় এবং ইলিশ সম্পদ উন্নয়নে প্রয়োজন কঠোর নজরদারি ও জোরদার অভিযান। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাযায়, পূর্ণিমার জোসনা রাতে নির্মল আলোতে সাগর থেকে প্রচুর মা ইলিশ  নদীতে উঠে আসায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামছে। অভিযান অব্যাহত আছে এবং নিষেধাজ্ঞা শেষ সময় পর্যন্ত থাকবে। শনিবার (২৪ অক্টোবর) দিনভর নদীতে অভিযান চালিয়ে  প্রায় ৫০ হাজার মিটার জাল জব্দ করে আগুনে বিনষ্ট করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (অতিঃ) মেহেদী হাসান ভূঁইয়া আমার দেশকে বলেন, মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে মৎস্য অধিদপ্তরের লোকবল বৃদ্ধি করতে হবে এবং বিসিএস ক্যাডার অফিসারদের প্রশাসনিক ও  ম্যাজিস্ট্র্যাসি দায়িত্ব দিতে হবে। 


আপনার জেলার সংবাদ পড়তে