নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক মডেল ওয়ার্ড গড়তে চান জান্নাতুল ফেরদৌসী জিতু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:৫১ পিএম
নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক মডেল ওয়ার্ড গড়তে চান জান্নাতুল ফেরদৌসী জিতু

বরিশাল সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে নিরাপদ, মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও সফল উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌসী জিতু। নারী অধিকার সুরক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিশুদের কল্যাণ এবং সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করাকে তিনি তাঁর অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ বার্তায় জান্নাতুল ফেরদৌসী জিতু এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান এবং নাগরিক সুযোগ-সুবিধা আরও সহজলভ্য করার প্রত্যয় ব্যক্ত করেন। নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ ও নানা সমস্যা কাছ থেকে দেখেছেন। তাই এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই।

জান্নাতুল ফেরদৌসী জিতুর মতে, একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুধু রাস্তাঘাট বা অবকাঠামোগত পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিটি নাগরিকের নিরাপত্তা, সুস্বাস্থ্য, মর্যাদা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নারীর ক্ষমতায়ন ও অধিকার সুরক্ষা : নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং তাঁদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রার্থী। নারীদের দক্ষতা বৃদ্ধি, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে একটি সচেতন ও স্বাবলম্বী সমাজ গড়ে তুলতে চান তিনি।

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় গুরুত্ব : গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষা, শিশুদের প্রয়োজনীয় পরিচর্যা, শিশুখাদ্যসংক্রান্ত সহায়তা এবং টিকাদান কর্মসূচি সহজলভ্য করার বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতুল ফেরদৌসী জিতু। তাঁর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এলাকার মা ও শিশুদের স্বাস্থ্যসেবাপ্রাপ্তি আরও সহজ করা সম্ভব হবে।

মাদক ও ইভটিজিংমুক্ত নিরাপদ ওয়ার্ড গড়ার প্রত্যয় : যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মাদক ও ইভটিজিংমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। এ লক্ষ্যে স্থানীয় জনগণ, সচেতন নাগরিক, যুবসমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানান। পাশাপাশি ওয়ার্ডের অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনস্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করার অঙ্গীকার : জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন নাগরিক সেবা পেতে সাধারণ মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছেন এই প্রার্থী। নাগরিকদের সমস্যা গুরুত্বের সঙ্গে শোনা এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সেবা পেতে তাঁদের সহযোগিতা করাকে তিনি দায়িত্বের অংশ হিসেবে দেখছেন।

জান্নাতুল ফেরদৌসী জিতু বলেন, এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে তাঁদের পাশে থাকতে চান তিনি। তাঁর ভাষ্য, বিপদে-আপদে সাধারণ মানুষ যেন সহজেই তাঁর কাছে আসতে পারেন এবং নিজেদের সমস্যার কথা নির্ভয়ে জানাতে পারেন-এমন একটি জনবান্ধব সম্পর্ক গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

সবশেষে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী জান্নাতুল ফেরদৌসী জিতু আশাবাদ ব্যক্ত করেন, এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় একটি নিরাপদ, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও আধুনিক ওয়ার্ড গড়ে তোলা সম্ভব হবে।

আপনার জেলার সংবাদ পড়তে