মেধাবী শিক্ষার্থীদের পাশে ছাত্রনেতা পলাশ, বই পেল মেহেজাবিন

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৮:০২ পিএম
মেধাবী শিক্ষার্থীদের পাশে ছাত্রনেতা পলাশ, বই পেল মেহেজাবিন

অর্থাভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে না যায়, সেই প্রত্যাশা থেকে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রনেতা এম আর হাসান পলাশ। আর্থিক সংকটে পড়া দশম শ্রেণির শিক্ষার্থী মেহেজাবিন আক্তারের পড়াশোনা অব্যাহত রাখতে এক সেট সহায়ক বই কিনে উপহার দিয়েছেন তিনি। তাঁর এ উদ্যোগকে ঘিরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। জানা যায়, দশম শ্রেণির শিক্ষার্থী মেহেজাবিন আক্তারের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। সংসারের সীমিত সামর্থ্যরে মধ্যে মেয়ের পড়াশোনার খরচ বহন করতে গিয়ে বিপাকে পড়েন তাঁর মা। প্রয়োজনীয় সহায়ক বই কেনার সামর্থ্য না থাকায় মেয়ের শিক্ষাজীবন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। একপর্যায়ে লোকমুখে ছাত্রনেতা এম আর হাসান পলাশের সহযোগিতার কথা জানতে পারেন ওই অভিভাবক। পরে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে পলাশের মোবাইল নম্বর সংগ্রহ করে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেন মেহেজাবিনের মা। মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে প্রয়োজনীয় বইয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য তাঁর কাছে সহযোগিতা চান তিনি। অসহায় অভিভাবকের ফোন পেয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন পলাশ। শিক্ষার্থীর পড়াশোনার প্রয়োজন বিবেচনায় নিয়ে তিনি নিজেই লাইব্রেরিতে গিয়ে এক সেট সহায়ক বই কেনেন এবং তা মেহেজাবিনের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পরে তাঁর পক্ষ থেকে বইগুলো শিক্ষার্থীর মায়ের হাতে তুলে দেন গাবতলী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌমিরুল ইসলাম তৌকির। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের অর্থবিষয়ক সম্পাদক মোসাদ্দেকুর রহমান রক্সি, গাবতলী উপজেলা ছাত্রদলের সহসভাপতি রেজা আহম্মেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান লতিফ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডিউ তালুকদার, সৈকত আলী সাদ্দাম এবং সহযোগাযোগবিষয়ক সম্পাদক আহসান হাবীব লিখন। এ ছাড়া উপস্থিত ছিলেন নারুয়ামালা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্যসচিব রাসেল মাহমুদ, নারুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ সাদ্দাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, সুখানপুকুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্যসচিব ইউসুফ সাহা, রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হানিফ রহমান সাফি এবং ছাত্রনেতা আব্দুস সালাম, হৃদয়, রনি, শুভ, সজিব ও রাকিবসহ গাবতলী উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ জোগাতে পারে বলে মনে করছেন অনেকেই। আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হলে সামর্থ্যবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন। মেহেজাবিনের পরিবারের কাছে বই পৌঁছে দেওয়ার এ উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় ব্যক্তিগত উদ্যোগের গুরুত্ব আবারও সামনে এসেছে। সমাজের সামর্থ্যবান মানুষ ও বিভিন্ন সংগঠন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তাদের শিক্ষার পথ আরও সহজ হবে এবং ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বাস্তবায়নের সুযোগ বাড়বে।

আপনার জেলার সংবাদ পড়তে