ইসরায়েলের পতাকা পা দিয়ে মাড়ালেন কলম্বিয়ান র‍্যাপার

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৭:১৬ পিএম
ইসরায়েলের পতাকা পা দিয়ে মাড়ালেন কলম্বিয়ান র‍্যাপার

সামাজিক মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে ভিডিওটি। তাতে দেখা যায়, দর্শক-শ্রোতাদের সামনে মঞ্চে সংগীত পরিবেশন করছিলেন এক গায়িকা। এমন সময়ে এক দর্শক মঞ্চে উঠে গায়িকার দিকে ইসরায়েলের পতাকা এগিয়ে দেন। এতে মেজাজ হারান সেই গায়িকা। পতাকাটি হাত থেকে কেড়ে নেন, ছুঁড়ে মাটিতে ফেলে পা দিয়ে মাড়াতে থাকেন। এরপর তা লাথি দিয়ে সরান। ভিডিওটিতে সেই গায়িকাকে না চিনলেও তাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন ও গাজায় হামলা চালিয়ে আসা দখলদার সেই দেশটির প্রতি গায়িকার ‘ঘৃণা প্রকাশ’ হিসেবেই দেখছেন তারা। ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে গায়িকার এই প্রতিক্রিয়াকে ইতিবাচক হিসেবে নিয়ে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনদের বড় একটা অংশ। অনেকে আলোচিত এই গায়িকার পরিচয় নিয়ে আগ্রহী হয়ে ওঠেন; একইসঙ্গে ঘটনাস্থল নিয়েও জানতে জানতে। বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়া মারফতে জানা গেল তার পরিচয়। তিনি হলেন কলম্বিয়ান র‍্যাপার চেলো হপ। জর্ডানের সংবাদ মাধ্যম রয়া নিউজ এর প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে ‘হিপ হপ আল পারকে’ উৎসবে পারফর্ম করার সময় এ ঘটনা ঘটে। সেখানে পারফর্ম করছিলেন চেলো, আর পতাকা মাড়ানোর ঘটনা ঘটে। পারফর্মের সময় ‘পালেস্তিনা লিব্রে’ বলে স্লোগান দেন তিনি। স্প্যানিশ ভাষার এই স্লোগানের অর্থ ‘মুক্ত হোক ফিলিস্তিন’। এই গায়িকা রাজনৈতিক গান তথা বিভিন্ন গণআন্দোলনের ধৈর্য ও প্রতিরোধের কথা বলা হয়েছে- এমন গান পরিবেশনের জন্যেও বেশ পরিচিত। সেই মঞ্চেই তিনি ‘অ্যানাতোমিয়া’ নামে একটি গান পরিবেশন করেছিলেন; যেখানে উঠে আসে সেই বিষয়গুলো। ঘটনাটি কিছুদিন আগে ঘটলেও সম্প্রতি ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে; এতে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে চেলো হপের প্রতিবাদের এই দৃশ্য আলোচনায় আসে। শোনা যাচ্ছে, এ ঘটনায় নিন্দা প্রকাশ করেছে কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত।