মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে (বিটিআরআই) টি টেস্টিং সেমিনার ও প্রুনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। চায়ের গুণগত মান যাচাই, চা আস্বাদনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা অর্জন এবং চা গাছের পরিচর্যায় প্রুনিংয়ের গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিটিআরআইয়ের টি টেস্টিং কক্ষে সেমিনার ও চা আস্বাদন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বালিশিরা ভ্যালির ১৬টি চা-বাগানের জেনারেল ম্যানেজার (জিএম), ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকরা অংশ নেন।
টি টেস্টিং সেশন পরিচালনা করেন বিটিআরআইয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ আজিজ ও সিনিয়র সায়েন্টিফিক অফিসার রিয়াদ আরেফিন। এ সময় চায়ের গুণগত মান, স্বাদ, ঘ্রাণ, রং ও অন্যান্য বৈশিষ্ট্য পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চা আস্বাদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। চায়ের গুণগত মান যাচাই ও মূল্যায়ন কার্যক্রমে সহযোগিতা করেন চট্টগ্রামের ন্যাশনাল ব্রোকার্সের নির্বাহী পরিচালক মো. শাহজাহান।
পরে বিটিআরআইয়ের সেমিনার কক্ষে প্রুনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিটিআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এ আজিজ। চা গাছের সঠিক বৃদ্ধি, নতুন কুঁড়ি ও পাতা উৎপাদন এবং উৎপাদনক্ষমতা বজায় রাখার ক্ষেত্রে প্রুনিং বা ছাঁটাই একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা পদ্ধতি। এ পদ্ধতির মাধ্যমে চা গাছকে নির্দিষ্ট উচ্চতায় ও কাঙ্ক্ষিত আকৃতিতে রাখা যায়। ফলে চা-বাগানে নিয়মিত পরিচর্যা ও উৎপাদন ব্যবস্থাপনায় প্রুনিংয়ের ভূমিকা রয়েছে।
চায়ের গুণগত মান উন্নয়ন এবং বাগান ব্যবস্থাপনায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতির প্রয়োগ সম্পর্কে ধারণা বিনিময়ের সুযোগ তৈরি করেছে এ আয়োজন। সংশ্লিষ্টদের অংশগ্রহণের মধ্য দিয়ে চা উৎপাদন ও মান নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক জ্ঞান প্রয়োগের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।