পাবনার চাটমোহরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল ও জনপ্রিয় জাতের চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষক প্রশিক্ষণ এবং বীজ বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি দপ্তরের হলরুমে বিনার ঈশ্বরদী উপকেন্দ্রের আয়োজনে এ প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিনার প্রকল্প পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার। সঞ্চালনা করেন বিনার ঈশ্বরদী উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ড. মুহাম্মদ ফেরদৌস ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিনার ব্যবস্থাপনা বোর্ডের সদস্য কৃষিবিদ শফিকুল আলম সোহেল,সদস্য কৃষিবিদ এ কে এম আনিসুজ্জামান, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি কৃষকদের বিনা সরিষা-১১ জাতের বীজ বিতরণ করেন।