ইলিশের নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশালে ৫৩৬ জেলের কারাদন্ড

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ এএম
ইলিশের নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশালে ৫৩৬ জেলের কারাদন্ড

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বরিশাল বিভাগের ছয় জেলায় ২২ দিনে দুই হাজার ৬৭৬টি অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময়ে আটশ'টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ৭৩৯টি মামলায় ৫৩৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। ২২ দিনে আইন অমান্যকারীদের কাছ থেকে ১৮ লাখ ৪৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্যানুযায়ী, নিষেধাজ্ঞার ২২ দিনে নিলাম থেকে ৩ লাখ ৩২ হাজার ৩০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েছে। এছাড়া ২২ দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় অভিযানে ২৫ কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৫০০ টাকা মূল্যের ১ কোটি ৪২ লাখ ৩২ হাজার ৯০০ মিটার জাল এবং ১০ হাজার ৩৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে বিভিন্ন অবতরণ কেন্দ্রে ৬২৩ বার, বিভিন্ন মাছঘাটে ৩ হাজার ২১৩ বার, বিভিন্ন আড়তে ৬ হাজার ৫০৫ বার এবং বাজারে ৪ হাজার ৩৫৩ বার পরিদর্শন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে