ডেঙ্গুর প্রকোপ থেকে নদীবেষ্টিত হাইমচরবাসীকে সুরক্ষা দিতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের হাইমচরে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযানের আয়োজন করা হয়। হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঝাড়ু হাতে ও ওষুধ ছিটানোর মাধ্যমে উক্ত অভিযানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, "ডেঙ্গু প্রতিরোধে সরকার ও স্থানীয় প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। তবে কেবল সরকারি উদ্যোগে ডেঙ্গু পুরোপুরি নিমূল সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমাদের নিজেদের বাসাবাড়ি, আঙিনা ও কর্মক্ষেত্র নিজেদেরই পরিষ্কার রাখতে হবে। কোনো স্থানে যেন জমে থাকা পানি তিন দিনের বেশি না থাকে, সেদিকে সতর্ক নজর রাখতে হবে।"
অভিযানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা ও তদারকি করেন। তিনি জানান, উপজেলার সর্বস্তরের জনগণকে সচেতন করার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলার সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও ভলান্টিয়ার সংস্থার সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। অভিযান চলাকালে উপজেলা পরিষদ চত্বর আশেপাশের নালা-নর্দমা, ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং মশা নিধনে ফগার মেশিন ও লার্ভিসাইড স্প্রে করা হয়।
এদিকে উপজেলা সদরের পাশাপাশি হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্ব-স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় একযোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।