খুলনার কয়রায় অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ ঝিনুক পাচারের সময় মফিজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে ৬০ কেজি ঝিনুক জব্দ করা হয়। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ঘোলপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। আটক মফিজুল ইসলাম পাইকগাছা উপজেলার নাকশা গ্রামের বাসিন্দা। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদেকুর রহমানের নির্দেশনায় বনপ্রহরী মোঃ রবিউল ইসলাম অভিযান পরিচালনা করেন। এ সময় স্টেশনের স্টাফ মশিউর রহমান, নীলিমেষ বৈরাগী ও আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুর রহমান জানান, এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।