তাহসিফের সঙ্গে বারে থাকা সেই তরুণী গ্রেফতার

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ০২:৫৯ পিএম
তাহসিফের সঙ্গে বারে থাকা সেই তরুণী গ্রেফতার

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। তার সঙ্গে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তাহসিফ। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ।

আজ রোববার বেলা ২টার দিকে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, দিশা নামের এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।

ঘটনার রাতে একটি সিসিটিভি ফুটেজে উত্তরার নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রবেশ করতে দেখা যায় তাহসিফ, দীপ ও দিশা নামের ওই তরুণীকে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে পৌঁছান তাহসিফ, দীপ ও ওই তরুণী। তারা একটি মোটরসাইকেলে সেখানে যান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে করে পৌঁছান দীপ। পরে তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায় ক্যামেরায়।

রেস্টুরেন্টের আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তাহসিফ ও ওই তরুণী লিফটের সামনে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। এরপর তিনজন একসঙ্গে লিফটে ওঠেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়। পরে মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান তারা।

রেস্টুরেন্ট থেকে তারা তিনজন কোথায় গেলেন সেই তথ্য হন্যে হয়ে খুঁজছে তদন্তকারী দল। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সার্বক্ষণিক সঙ্গী জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাওয়া ও সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। তবে তার বক্তব্যে অসংগতি পাওয়া যায় বলে দাবি সূত্রের। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই।

নৌ পুলিশের সূত্র জানায়, রিমান্ডে দীপের আগের বক্তব্য, পরিবারের করা মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও তদন্তে পাওয়া আলামত মিলিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং এতে অন্য কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।

নিখোঁজের একদিন পর গত বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে তুরাগ নদের উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে থাকার খবর পায় টঙ্গী নৌ পুলিশ। খবর পেয়ে জরুরিভাবে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতপরিচয় পুরুষ (২৮) হিসেবে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মরদেহের সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরে তার পরিচয় জানা যায়।

ঘটনার পর থেকে মামলা করতে নিজের অনীহার কথা জানালেও তিন দিন পর গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উত্তরখান থানায় ছেলেকে হত্যার অভিযোগ দেন তাহসিফ সাউরির বাবা কে এম এনায়েতুল করিম। মামলায় অজ্ঞাতপরিচয়দের আসামি করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে