সাবেক কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ১২:১২ পিএম
সাবেক কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস

সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৭০ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর পর এ ঘটনায় দায়ের করা দুটি মামলারই বিচারিক কার্যক্রমের সমাপ্তি হলো। রোববার (১ নভেম্বর) সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস বিস্ফোরক দ্রব্য আইনের ৩৬/১৫ নম্বর মামলায় এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মির্জা মো. ইয়াকুত হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকায় মিছিল বের করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ওই মিছিল থেকে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগে পুলিশ মামলা দায়ের করে। জালালাবাদ থানা-পুলিশের করা মামলাটির অভিযোগপত্র দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথকভাবে দাখিল করা হয়।

এর আগে একই ঘটনায় দায়ের করা দণ্ডবিধির মামলায় ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সব আসামিকে খালাস দেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল মোমেন। সর্বশেষ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায়ও সব আসামি খালাস পাওয়ায় এ ঘটনায় দায়ের করা দুই মামলাতেই আসামিরা অব্যাহতি পেলেন।

খালাস পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, সাবেক সহসভাপতি চৌধুরী মো. সুহেল, বিমানবন্দর থানা বিএনপির সদস্যসচিব সৈয়দ সরওয়ার রেজা, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি শিহাব খান ও আব্দুল হাফিজ রানা। উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন দিবাগত রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।

আপনার জেলার সংবাদ পড়তে