মোল্লাহাটে পানিতে ডুবে নিহত দুই শিশুর পরিবার পেল সরকারি সহায়তা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০৩:০৭ পিএম
মোল্লাহাটে পানিতে ডুবে নিহত দুই শিশুর পরিবার পেল সরকারি সহায়তা

বাগেরহাটের মোল্লাহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন তাঁর কার্যালয়ে নিহত দুই শিশুর বাবার হাতে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার সরকারি সহায়তার চেক তুলে দেন। সহায়তা পাওয়া দুই পরিবার হলো উপজেলার দারিয়ালা গ্রামের মোস্তাক শেখ ও মোস্তাইন শেখের পরিবার। নিহত শিশু সামিয়া (৯) মোস্তাক শেখের মেয়ে এবং জান্নাতী (১০) মোস্তাইন শেখের মেয়ে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর সকালে বাড়ির কাছের একটি মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশু দুটি মারা যায়। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সরকারের পক্ষ থেকে দেওয়া এ আর্থিক সহায়তা শোকসন্তপ্ত পরিবার দুটির জন্য কিছুটা হলেও সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে