স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ এবং চাঁদপুর শহরের মুন্সেফপাড়ায় অবস্থিত শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির বন্ধের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখা। সোমবার (২ নভেম্বর ২০২৬) হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এ দেশের মানুষ যুগ যুগ ধরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে আসছে। তবে সম্প্রতি ইসকনের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে স্মারকলিপিতে দাবি করা হয়। এমতাবস্থায়, দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার্থে মন্দিরটির কার্যক্রম, অবস্থান, অনুমোদন ও আইনি বিষয়াদি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। স্মারকলিপির শেষাংশে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন এবং সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান। এর আগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় হেফাজত ইসলাম চাঁদপুর জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইনের সভাপতিত্বে এবং সদর উপজেলা সাধারণ সম্পাদক মুফতি নূরে আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মনিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ আবুল হাসানাত, জেলা প্রচার সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, শহর শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ প্রমুখ। হেফাজতে ইসলামের অন্যরা এসময় উপস্থিত ছিলেন।