মাদক নয়, মেধাই হবে তরুণদের শক্তিÑএই প্রত্যয়ে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ নিয়েছেন চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থী ও শিক্ষক। শুধু আনুষ্ঠানিক সমাবেশ নয়, অপরাধমুক্ত সমাজ গঠনে নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে শিক্ষার্থীদের এই সম্মিলিত শপথ স্থানীয় পর্যায়ে তৈরি করেছে সচেতনতার নতুন বার্তা।
বুধবার (৪ নভেম্বর) সকালে রাউজানের নোয়াপাড়া পথের বাজারে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক সমাবেশ ও র্যালিতে এ শপথ গ্রহণ করেন তাঁরা। ‘মাদক নয়, মেধাই হোক তরুণদের শক্তি’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিরাও অংশ নেন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন গহিরা ডিগ্রি কলেজের সভাপতি এম. এ. হালিম। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি কমান্ডার মোহাম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া কলেজের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম। প্রধান আলোচক ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, বিএনপি নেতা শরাফত উল্লাহ, নোয়াপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এসকান্দর এবং হাজি আনোয়ার পাশা।
সমাবেশে বক্তারা বলেন, মাদকাসক্তি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিস্তার শুধু তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেই বিপন্ন করছে না, সামাজিক নিরাপত্তা ও পারিবারিক মূল্যবোধকেও হুমকির মুখে ফেলছে। এসব অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন পারিবারিক সচেতনতা, নৈতিক শিক্ষা এবং সামাজিক ঐক্য। শিক্ষার্থীদের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি নিজেদেরও এসব কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দেওয়ার জায়গা নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলারও অন্যতম কেন্দ্র। তাই শিক্ষার্থীদের এমন সচেতনতামূলক উদ্যোগ সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে।
সমাবেশ শেষে দেড় হাজার শিক্ষার্থী ও শিক্ষক মাদক, ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার শপথ নেন। পরে একটি সচেতনতামূলক র্যালি নোয়াপাড়া পথের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় সচেতন মহলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।