অর্গানোগ্রাম বাস্তবায়ন ও পদোন্নতির দাবিতে

নাগেশ্বরীতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৫:২৪ এএম
নাগেশ্বরীতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদনের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের নাগেশ্বরী শাখার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে বুধবার বেলা ১১টায় নাগেশ্বরী শাঁখা কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের নাগেশ্বরী শাখার ফিল্ড এসিস্ট্যান্ড আলম মিয়া, এরশাদ আলী সরদার, আব্দুর রহিম, দ্বিতীয় কর্মকর্তা টেকন্যিাল মনিরুজ্জামান প্রমুখ। 

এ সময় বক্তারা জানান পল্লী সঞ্চয় ব্যাংক একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত প্রতিষ্ঠন, যা ২০২৪ সালের পল্লী সঞ্চয় ব্যাংক আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। সাবেক “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের ধারাবাহিকতায় এই ব্যাংকটি গঠিত হয়। ব্যাংকটি বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে দারিদ্র বিমোচনে সহায়ক ভূমিকা পালন করে আসছে। এখানে প্রায় ১১ হাজার জনবল থাকলেও পদের নাম পরিবর্তন ও পদোন্নতি না পাওয়ার তাদের মাঝে বিরাজ করছে চরম হতাশা। একই পদে চাকরি শুরু করে দীর্ঘদিন ধরে একই পদে বহাল থাকায় একদিকে যেমন তাদের মাঝে দিনদিন কর্মস্পৃহা কমে যাচ্ছে অপরদিকে ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠায় বিঘ্ন ঘটছে। এতে করে ব্যাংকটি মুখ থুবড়ে পড়ার আসঙ্কাও রয়েছে বলে জানান তারা। বক্তারা আরও জানান, দীর্ঘদিনের পদের নাম পরিবর্তন চাওয়া এবং পদোন্নতি চাওয়ার আলোকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ১২৩তম বোর্ড সভায় নাম পরিবর্তন করে ২০২৪ সালের ১৩ নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করেন এবং জনবল কাঠামো ঠিক রখে পদোন্নতির লক্ষ্যে ১৩৯তম বোর্ডে সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করেন। কিন্তু পরিতাপের বিষয়, দির্ঘদিন ধরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সাংগঠনিক কাঠামো নিয়ে বারংবার মিটিং করা হলেও আজও সেই সাংগঠিনিক কাঠামো অনুমোদন হয়নি। তাই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে অবিলম্বে সাংগঠনিক কাঠামো অনুমোদন দিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুদৃষ্টি কামনা করেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে