পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ৩, আহত ১

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, c) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ০৩:২৬ পিএম
পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ৩, আহত ১

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ তিনজন নিহত ও ১জন আহত হয়েছে। এসব দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে যশোর-খুলনা মহাসড়কে নওয়াপাড়া ভৈরব সেতুসংলগ্ন মশরহাটী গ্রামে ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে দুইজন এবং মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় উড়োতলা নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ও ১জন আহতের ঘটনা ঘটে। 

নিহত কলেজছাত্র আব্দুল্লাহ আল আপন (২২) উপজেলার বুইকারা গ্রামের ওবাইদুল কাদেরের ছেলে। তিনি পায়রাহাট ইউনাইটেড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এছাড়া নিহত ভ্যানচালক আব্দুল ওহাব (৫৫) উপজেলার দেয়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে এবং ভ্যানের যাত্রী আব্দুস সামাদ বিশ্বাস (৫০) একই গ্রামের আব্দুল মঈন বিশ্বাসের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভৈরব সেতুসংলগ্ন মশরহাটী গ্রামে যশোর-খুলনা মহাসড়কে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ও একজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। 

এর আগে মঙ্গলবার রাতে কলেজছাত্র আব্দুল্লাহ আল আপন (২১) তার বন্ধু আল-আমিনকে (৩০) সঙ্গে নিয়ে মহাসড়কে ঘুরতে বের হন। রাত ১০টার দিকে চেঙ্গুটিয়া এলাকার উড়োতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল আপন এবং আরোহী আল-আমিন আহত হন। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে খুলনা গাজি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার (৪ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ আল আপনের মৃত্যু হয়। 

পৃথক দুইটি সড়ক দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘যশোর-খুলনা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় একজন কলেজ ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল দুটি পরিদর্শন করা হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আপনার জেলার সংবাদ পড়তে