পদোন্নতি ও সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ০৪:৫৭ পিএম
বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
দীর্ঘদিন ধরে পদোন্নতি ও পদবি পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদন এবং পদোন্নতির সুযোগ সৃষ্টির দাবিতে রাজশাহীর বাগমারায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাগমারা শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন। ব্যাংক সূত্রে জানা যায়, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৩ তম সভায় ২০২৪ সালের ৭ নভেম্বর কয়েকটি পদের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। এতে ভূমি অফিসার (মাঠ) পদকে ভূমি অফিসার, কম্পিউটার অপারেটর পদকে সিনিয়র সহকারী অফিসার, মাঠ সহকারী পদকে সহকারী অফিসার এবং ক্যাশ সহকারী পদকে সহকারী অফিসার (ক্যাশ) করার প্রস্তাব করা হয়। পরবর্তী সময়ে এসব প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন একই পদে দায়িত্ব পালন করায় তাঁদের মধ্যে কর্মস্পৃহা ও পেশাগত অগ্রগতির ক্ষেত্রে হতাশা তৈরি হচ্ছে। পদোন্নতির সুযোগ না থাকায় যোগ্যতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলেও তাঁরা মনে করেন। দ্রুত সাংগঠনিক কাঠামো অনুমোদন হলে পদোন্নতির সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি ব্যাংকের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে। মানববন্ধন থেকে প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন, পদবি পরিবর্তনের প্রস্তাব বাস্তবায়ন, পদোন্নতির সুযোগ সৃষ্টি এবং কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে