যশোরে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক নিহত

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ০৫:৪৭ পিএম
যশোরে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক নিহত

যশোরের ঝিকরগাছায় খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্য বোঝাই একটি কাভার্ড ভ্যান দ্বিখণ্ডিত হয়ে মুজিবার রহমানের পুত্র ট্রাকচালক আতিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা কাটাখাল কলোনীপাড়ার বাসিন্দা। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশন থেকে জয়কৃষ্ণপুরগামী সড়কের একটি অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরগির খাদ্যবোঝাই কাভার্ড ভ্যানটি রেলক্রসিং পার হওয়ার সময় বেতনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানটির ক্যাবিন বিচ্ছিন্ন হয়ে যায়।  দুর্ঘটনায় ট্রাক চালক আতিয়ার রহমান ঘটনাস্থলে নিহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে আছে।

আপনার জেলার সংবাদ পড়তে