রাজশাহীর বাঘায় নকল ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করার পাশাপাশি নকল ওষুধ জব্দ করা হয়েছে।বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার বাউসা ইউনিয়নের বাঘা-আড়ানী সড়কের তেঁথুলিয়া ফায়ার সার্ভিসের সামনে একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চারঘাট উপজেলার চকভায়ালক্ষীপুর গ্রামের আবু সৈয়দ আলীর ছেলে খালিদ হোসেন ওই বাড়িটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে নকল ওষুধ তৈরির কারখানা পরিচালনা করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নকল ওষুধ জব্দ করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে নকল ওষুধ তৈরির তথ্য পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় নকল ওষুধ জব্দের পাশাপাশি ওষুধ তৈরির কারিগরদের আটক করা হয়। পরে জরিমানা আদায় করে মুচলেকা নেওয়া হয়েছে। #