বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ বলেন, গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। যুদ্ধের কারণে সারা বিশ্বে বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। বর্তমানে দেশে এ সংকট মোকাবিলায় একটি পথই খোলা রয়েছে, আর সেটি হলো সৌরবিদ্যুৎ।
তিনি বলেন, সরকারের লক্ষ্য আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে মোট ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। এটি সম্ভব হলে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি আমাদের কৃষি অর্থনীতির উন্নয়নও অব্যাহত থাকবে।
বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনে সবাইকে উৎসাহিত করে ইকবাল হাসান মাহমুদ বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে। ব্যক্তি পর্যায়ে সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। এ বিষয়ে সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, স্থানীয় সংসদ সদস্য এবং রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা অংশ নেন।