নড়াইল জেলা জাতীয় পার্টির (জাপা) নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নড়াইল চৌরাস্তা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সিকদার হাদিউজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন হেকমতসহ দলীয় নেতৃবৃন্দ। এছাড়া এই প্রতিবাদ সভায় সম্মতি জানিয়েছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্মসাংগঠনিক সম্পাদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের দলীয় প্রার্থী মিল্টন মোল্যা, কলোড়া ইউনিয়নের সভাপতি ইরান মোল্যাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সিকদার হাদিউজ্জামানসহ বক্তারা বলেন, দলের গঠনতন্ত্র উপেক্ষা করে গৎ ২ নভেম্বর দুই সদস্য বিশিষ্ট জেলা জাপার কমিটি গঠন করা হয়েছে। এতে খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে আহবায়ক ও মাহবুবুর রহমান এমরানকে সদস্য সচিব করা হয়েছে। জেলার নেতৃবৃন্দকে অবগত না করে এবং কোনো প্রকার সম্মেলন ছাড়াই এই কমিটি ঘোষণা করায় আমড়া তা প্রত্যাখ্যান করছি। এই অবৈধ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি। আমাদের দাবি কমিটি দ্রুত বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে দলের গঠনতন্ত্র মেনে সম্মেলনের মাধ্যমে দ্রুত নতুন জেলা কমিটি ঘোষণা করা হোক। আমড়া দলের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে এই কমিটি বাতিলের দাবি করছি। তিনি সম্মেলনের মাধ্যমে দ্রুত কমিটি দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। তা না হলে আজ থেকে নড়াইল জেলা জাতীয় পার্টিতে গ্রুপি শুরু হলো। একটি সিকদার হাদিউজ্জামান গ্রুপ, অন্যটি ফায়েকুজ্জামান ফিরোজ।
প্রসঙ্গত, ২০২২ সালের ৫ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সম্মেলনের মাধ্যমে ফায়েকুজ্জামান ফিরোজকে সভাপতি এবং সিকদার হাদিউজ্জামানকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়।