চাঁদপুরে মাসব্যাপী কুটির শিল্প প্রদর্শনী উদ্বোধন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০১:৪৫ পিএম
চাঁদপুরে মাসব্যাপী কুটির শিল্প প্রদর্শনী উদ্বোধন

দেশীয় ঐতিহ্য, হস্তশিল্প ও গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে চাঁদপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনায় মাসব্যাপী কুটির শিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়। চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুটির শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রতিটি ঘরে ঘরে যেন কুটির শিল্প গড়ে ওঠে, সে বিষয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। প্রেসক্লাবের উদ্যোগে শুরু হওয়া এই কুটির শিল্প প্রদর্শনী আরও প্রসার লাভ করুক এবং দেশীয় শিল্পকে সমৃদ্ধ করার মাধ্যমে এর ব্যবহার বৃদ্ধি পাক।

তিনি আরও বলেন, কুটির শিল্প আমাদের পুরনো ঐতিহ্যবাহী শিল্প। এটি মূলত দেশীয় পণ্য ও হস্তশিল্পভিত্তিক একটি শিল্পখাত। এই শিল্পকে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে হবে এবং এর ব্যবহার বাড়াতে হবে। কুটির শিল্পের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি সম্ভব। নিয়মিত এর ব্যবহার ধরে রাখতে পারলে প্রতিটি ঘরেই এ শিল্পের বিকাশ ঘটবে।

এ সময় তিনি সরকারের প্রতি কুটির শিল্পের প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সরকার যদি কুটির শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, তাহলে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে। বক্তব্যের একপর্যায়ে তিনি চায়নাসহ বিভিন্ন উন্নত দেশের পণ্য আমদানি-রপ্তানি বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে উপস্থিতদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, মাসব্যাপী এ কুটির শিল্প প্রদর্শনীতে বিনোদনসহ নানা আয়োজন রাখা হয়েছে। চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে এ প্রদর্শনী চলমান থাকবে। কুটির শিল্প আমাদের দেশের গুরুত্বপূর্ণ হস্তশিল্পভিত্তিক একটি খাত, যার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। তাই সরকারকে এ শিল্পের প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, রহিম বাদশা, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য আলম পলাশ, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, মাই টিভির জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন, ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহরিয়ার পলাশ, এনটিভি চাঁদপুর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, চাঁদপুর কণ্ঠের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান, সাংবাদিক একে আজাদসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে চাঁদপুর প্রেসক্লাবের নতুন ভবনের কার্যক্রম পরিদর্শন করেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিমুল্লাহ সেলিম। এ সময় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে