চাটমোহর পৌরসভার টেন্ডারে অস্বচ্ছতার অভিযোগ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০৩:০৭ পিএম
চাটমোহর পৌরসভার টেন্ডারে অস্বচ্ছতার অভিযোগ

পাবনার চাটমোহর পৌরসভার একটি টেন্ডারের লটারিতে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। ৩৯ লক্ষাধিক টাকার উন্নয়ন কাজের টেন্ডার আহবান করার পর লটারির আয়োজন করা হয়। একাধিক ঠিকাদার অভিযোগ করেন,গত বুধবার (২০ মে) লটারির দিন ধার্য করা হয়। এদিন কয়েকজন ঠিকাদার পৌরসভায় গেলে পৌরসভার ইঞ্জিনিয়ার জানান,সার্ভারের সমস্যা হয়েছে,এটা সমাধান করার পর আগামী রোববার (২৪ মে) লটারি করা হবে। কিন্তু রাতারাতি সকল কাজ সম্পন্ন করে কর্তৃপক্ষ বুধবারই লটারি সম্পন্ন করে ফেলে। এটাকে অনিয়ম ও অস্বচ্ছতা বলে দাবি করেছেন ঠিকাদাররা। 

এ বিষয়ে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারি প্রকৌশলী রাফিউল বারীর কাছে জানতে চাইলে তিনি এই প্রতিনিধির উপর রাগান্বিত হয়ে বলেন,‘ঠিকাদারদের মামলা করতে বলেন’। এক পর্যায়ে বলেন,সকল কিছুই নিয়মের মধ্যেই হয়েছে। ঠিকাদারদের থাকতে হবে,এটা কোথাও লেখা নেই।”

উল্লেখ্য,চাটমোহর পৌরসভায় এখন নানা অনিয়ম বাসা বেঁধেছে। ইঞ্জিনিয়ারসহ অন্যরা সবকিছুই যেন ইচ্ছেমতো করছেন। পৌরসভার ছোট শালিখা মহল্লায় একটি বাড়ি নির্মাণে রাস্তা দখল করে বেজ ঢালাই দেওয়া হয়েছে। পৌরসভার উপ-সহকারি প্রকৌশলীর সাথে যোগসাজসেই নাকি এমনটা করা হয়েছে। যদিও এই বাড়ি নিমূাণের জন্য কোন অনুমোদন নেওয়া হয়নি পৌরসভা থেকে। পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণ করা হচ্ছে,কোথাও আবার নির্মাণ কাজ শেষ করা হয়েছে। সে সকল কাজে অনিয়মের অভিযোগ এখন পৌরবাসীর মুখে মুখে। কিন্তু কর্তৃপক্ষ যেন সব কিছুতেই সন্তুষ্ট।

আপনার জেলার সংবাদ পড়তে