চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে একযোগে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কোন শ্রেনীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে শক্তিশালী করে সমাজ, দেশের কল্যানে কাজে লাগাতে হবে।
বারোটা তিপান্ন মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত বক্তব্যে তিনি বলেন বর্তমান সরকার গঠনের পর প্রধান মন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিগত১০ মার্চ ফ্যামিলি কার্ডের কর্মসূচির ঘোষণা করেন। প্রধান মন্ত্রী ঘোষিত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে প্রথম সিটি কর্পোরেশনের কাটগড় ওয়ার্ডে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ডের কার্যক্রম প্রথমে শুরু করা হয়। সমাজ সেবা দপ্তরের কর্মকর্তা / কর্মচারীর আন্তরিকতার সাথে নিরলস ভাবে কাজ করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন। জিরো এরর নীতিতে কাজ করার জন্য সমাজ সেবা দপ্তরকে নির্দেশনা প্রদান করেছিলেন বলে উল্লেখ করে তিনি নিজে গিয়ে তথ্য সংগ্রহের বিষয় তদারক করেছেন বলে মন্তব্য করেন।
প্রধান অতিথি বলেন সিটি করপোরেশনের কাঠগড়ের পর চট্টগ্রাম -৫ আসনের সাংসদ ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর বদান্যতায় তাঁর নির্বাচনী এলাকার প্রত্যান্ত গুমানমর্দ্দন ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হালদা নদীর ভাংগন কবলিত এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য নিয়মানুসারে বাড়ি বাড়ি গিয়ে সমাজসেবা অধিদপ্তরের লোকজন তথ্য সংগ্রহ করেন।
তিনি রোববার হাটহাজারী উপজেলা ৪নং গুমানমর্দ্দন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফ্যামিলি কার্ড পাইলটিং- ২০২৬ এর তথ্য সংগ্রহ পরবর্তী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা প্রশাসন হাটহাজারী ও গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ ইউ পি চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক গোলাম মাঈনুদ্দীন হাসান, সমাজ সেবা দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে নুর মোহাম্মদ ও গিয়াস উদ্দিন চেয়ারম্যান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রামের উপ- পরিচালক মোঃ ওমর ফারুক। সভায় উপস্থিত ছিলেন হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা যথাক্রমে মোজাহিদুল ইসলাম, মোঃ মনির হোসেন ও রাজিব আচার্য এবং তথ্য সংগ্রহকারী সমাজ সেবা দপ্তরের কর্মচারীবৃন্দ। গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তবারক হোসেন, ইউ পি সদস্যবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পর্যালোচনা সভা শেষে প্রধান অতিথি আসন্ন পবিত্র ঈদ- উল - আযহা উপলক্ষে দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রদত্ত ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে একটি আম্রপলি আম গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন। সবশেষে জেলা প্রশাসক ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগৃহীত এলাকায় গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলে সংগৃহীত তথ্য সঠিক আছে কিনা যাচাই করেন।