শেষ ম্যাচেও হারের মুখ দেখলো বার্সা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০৮:২৩ পিএম
শেষ ম্যাচেও হারের মুখ দেখলো বার্সা

সুযোগ ছিল ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার। কিন্তু শেষ তিন ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট অর্জন করতে পেরেছে বার্সা। এল ক্ল্যাসিকোয় যে ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছিল, তার পরের ম্যাচেই আলাভেসের কাছে হেরে গিয়েছিল বার্সা। এরপর রিয়াল বেটিসকে হারালেও মৌসুমের একেবারে শেষ ম্যাচে এসে ভ্যালেন্সিয়ার কাছে হারতে হলো ৩-১ গোলের ব্যবধানে। পরাজয় দিয়েই মৌসুমটা শেষ করলো তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় স্বাগতিকরা। তবে গুরুত্বপূর্ণ এই জয় পেয়েও ইউরোপিয়ান প্রতিযোগিতার টিকিট নিশ্চিত করতে পারেনি ভ্যালেন্সিয়া। বার্সেলোনার হয়ে নিজের শেষ ম্যাচে গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি। এই জয়ে তিন পয়েন্ট পেলেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারেনি ভ্যালেন্সিয়া। কারণ অন্য ম্যাচে গেতাফে ও রায়ো ভায়েকানোর জয় তাদের ইউরোপার স্বপ্ন শেষ করে দেয়। ম্যাচের আগে ক্লাব মালিক পিটার লিমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ভ্যালেন্সিয়া সমর্থকেরা। তবে মাঠে দলের লড়াকু পারফরম্যান্স কিছুটা হলেও তাদের আশাবাদী করেছে।