পাবনার সুজানগরে দ্বিতীয় দফা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত মঙ্গলবার প্রথম দফা পাবনা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিবের নেতৃত্বে এবং বৃহস্পতিবার দ্বিতীয় দফা সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের নেতৃত্বে ওই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। তবে দ্বিতীয় দফা শেখ আব্দুর রউফের নেতৃত্বে ওই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলেও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে সংসদ সদস্য সেলিম রেজা হাবিবের ছবি সংযুক্ত করা হয়। ওইদিন বিকাল সাড়ে ৩টার দিকে এ উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজার চত্বরে এক এক পথ সভা করে। এতে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবু ও পৌর যুবদলের আহবায়ক আনোয়ার মোল্লা। বক্তারা বলেন সুজানগরে বিএনপির একাধিক প্রতিষ্ঠাবার্ষিকী পালন আমাদের কাম্য নয়। আমরা স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিবের নেতৃত্বে সকল দলীয় কর্মকাণ্ড ত্বরান্বিত করার পাশাপাশি এজনপদের উন্নয়নে অংশীদ্বারিত্ব করতে চাই। কিন্তু দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সেটি হয়ে উঠছেনা। আশ করি আগামীতে সকল দ্বন্দ্ব এবং মতপার্থক্য ভুলে সংসদ সদস্য সেলিম রেজা হাবিবের আহ্বানে সাড়া দিয়ে দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো।