নওগাঁর মহাদেবপুরে রবিবার সকাল ১০টায় খাজুর ইউনিয়নের চ্যাংকুড়ি-রোনাইল সড়কে ১হাজার তাল বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) জনাব জান্নাতুল নাঈম বিনতে আজিজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তালবীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশন কৎতৃক বাস্তবায়নাধীন জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের অধীনে গঠিত ইউনিয়ন লোকমোর্চা কমিটির সদস্যরা এই তালবীজ রোপণ কার্যক্রমের আয়োজন করে।
খাজুর ইউনিয়নের চ্যাংকুড়ি হতে রোনাইল পর্যন্ত গ্রামীণ সড়কের প্রায় ১কিলোমিটার অংশে রাস্তার উভয় পাশে ১হাজার তালবীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধান অতিথি বলেন, সড়কে তালবীজ বপন বর্তমান সময়ের একটি সময়োপযোগী পদক্ষেপ। চলমান জলবায়ু পরিবর্তন জনিত কারণে দেশে বজ্রপাতের কারণে প্রাণহানীর ঘটনা বাড়ছে। তাল গাছ বড় হলে পথচারীদের ছায়া প্রদানের পাশাপাশি ব্জ্রপাত হতে তাদের রক্ষা করবে। এ ধরণের উদ্যোগ গ্রহণের জন্য তিনি ইউনিয়ন লোকমোর্চা কমিটি ও বিএসডিও কে ধন্যবাদ জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন, উপজেলা লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন মো. লিয়াকত আলী, খাজুর ইউপি সদস্য মর্জিনা বেগম, বিএসডিও’র গেটকা প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. আতাউর রহমান, মহাদেবপুর উপজেলা সমন্বয়কারী ময়না রাণী, প্রজেক্ট অ্যাসিস্টেন্ট মিলন লাকড়া প্রমুখ।