ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আইসিসি

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৯ পিএম
ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে আইসিসি

বৈশ্বিক ইভেন্ট ছাড়া ক্রিকেটে ভারত ও পাকিস্তানের দ্বৈরথ একেবারেই দেখা যায় না। বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো প্রতিযোগিতা এলেই দুই দলকে একই গ্রুপে রাখা হয়। দর্শকদের উন্মাদনা কাজে লাগিয়ে আইসিসির রাজস্বও বাড়ে। এবার বৈশ্বিক ইভেন্টের ধারা থেকে বেরিয়ে ভারত-পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় বা চার জাতির সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকেটের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড বহু বছর ধরে ভারতকে নিয়ে তিন বা চার জাতির টুর্নামেন্ট খেলার প্রস্তাব দিয়ে আসছে, যা পরবর্তী আইসিসি বৈঠকে পুনর্বিবেচনা করা হবে বলেই আশা। আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচির (এফটিপি) সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে ১২টি টেস্ট খেলুড়ে দেশ ও ৮ সহযোগী সদস্য দেশের প্রতিনিধিরা থাকবেন। এই বৈঠকে একটি দ্বিপাক্ষিক ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজের তুলনায় বহুজাতিক সিরিজের আর্থিক ও বাণিজ্যিক সম্ভাব্যতা খতিয়ে দেখা হবে। ভারত ও পাকিস্তানের সঙ্গে আরও একটি বা দুটি দল যুক্ত হতে পারে। এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান ও ভারতের কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। ভারতীয় গণমাধ্যম বলছে, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আপত্তি থাকলেও বহুজাতিক সিরিজে তাদের বিরুদ্ধে খেলায় কোনো সমস্যা নেই। তবে সবার আগে দুই দেশের সরকারের অনুমোদন গুরুত্বপূর্ণ। প্রতিবেদনগুলো বলছে, এই বহুজাতিক সিরিজের প্রস্তাব মেনে নেওয়া হলে সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো নিরপেক্ষ দেশের ভেন্যুতে পাকিস্তান-ভারত সিরিজ হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে