চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোবারক হোসেন সরদার (৫২) নামের এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন মাস আগে সম্পর্কে ভাতিজি ওই কিশোরীকে ফাঁদে ফেলে নিজ বাড়িতে ধর্ষণ করেন এবং গোপনে মুঠোফোনে ভিডিও ধারণ করেন অভিযুক্ত মোবারক। গত তিন-চার দিন আগে তিনি সেই ভিডিও ছড়িয়ে দিলে বিষয়টি প্রকাশ পায়। এ নিয়ে বৃহস্পতিবার রাতে সালিস বৈঠক হলেও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। আজ শুক্রবার সকালে অভিযুক্ত মোবারক পুনরায় ভুক্তভোগী পরিবারকে হুমকি দিলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নঈমুল ইসলাম রাজিব জানান, আহত মোবারকের মাথা ও শরীরে জখম রয়েছে এবং তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।