নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৫ পিএম
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ২৫০ বোতল ভারতীয় মদসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।  রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার চারজনকে শেরপুর  আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম শিমুলতলা ও শহরের গড়কান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নালিতাবাড়ী উপজেলার পশ্চিম শিমুলতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে জসিম (৩০), জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামের লাল মিয়ার স্ত্রী শামসুন্নাহার ইতি (৩২), জামালপুরের দিগপাইত এলাকার চাঁন মিয়ার ছেলে শামীম (৩০) ও শ্রীবরদী উপজেলার হোসেনের ছেলে আব্দুস সামাদ (৩৩)।

পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম শিমুলতলা ও গড়কান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে  পাঠানো হয়েছে।