ম্যাকলমোরকে ট্যুর থেকে বাদ দেওয়া নিয়ে বিতর্কের মধ্যেই এবার প্রকৃতির বাধায় কনসার্ট বাতিল করতে হলো এড শিরানকে। যুক্তরাষ্ট্রের বোস্টনের কাছে গিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ব্রিটিশ এই গায়কের দুটি শো। তবে তীব্র ঝড়ের পূর্বাভাসের কারণে শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে কনসার্ট দুটি। কনসার্টের আয়োজকেরা ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানান, ভয়াবহ আবহাওয়ার সতর্কতার কারণে শোগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, কর্মী ও অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এড শিরানের জন্য এটি সাম্প্রতিক সময়ে আরেকটি বড় ধাক্কা। এর আগে তার ট্যুের পারফর্ম করা মার্কিন র্যাপার ম্যাকলমোরকে ঘিরে তৈরি হয় বিতর্ক। একটি কনসার্টে ম্যাকলমোর ফিলিস্তিনের পক্ষে কথা বলেন এবং ‘ফ্রি প্যালেস্টাইন’-এর আহ্বান জানান। তার বক্তব্যে দর্শকদের একাংশ সমর্থন জানালেও কয়েকটি ইসরায়েলপন্থী সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলে। এরপর ট্যুেরর আয়োজকদের ওপর চাপ তৈরি হয়। শেষ পর্যন্ত ভেন্যু মালিকদের আপত্তির কারণে ম্যাকলমোরকে এড শিরানের বাকি ট্যুর থেকে বাদ দেওয়া হয়। ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এড শিরানকেও পরে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হয়। বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন শিরানের কয়েকজন সহযোগী শিল্পী ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে ট্যুর থেকে সরে দাঁড়ান। এমনকি সফরের লাইভ ব্যান্ডও এই সিদ্ধান্তের অংশ ছিল বলে জানা যায়। এর মধ্যেই ম্যাকলমোর ঘোষণা দেন, এড শিরানের ট্যুর থেকে আয় করা ১০ লাখ ডলার ফিলিস্তিনে কাজ করা বিভিন্ন সংগঠনকে দান করবেন। পাশাপাশি তিনি ভেন্যু মালিক রবার্ট ক্রাফটকে একই পরিমাণ অর্থ দান করার আহ্বান জানান। পরে এড শিরান ও রবার্ট ক্রাফট দুজনেই ওই অঞ্চলে মানবিক সহায়তার জন্য ২০ লাখ ডলার করে দেওয়ার ঘোষণা দেন। শিশুদের নিয়ে কাজ করা জনপ্রিয় মার্কিন বিনোদনশিল্পী মিস র্যাচেলও ম্যাকলমোরের দানের সঙ্গে মিল রেখে ১০ লাখ ডলার ফিলিস্তিন চিলড্রেনস রিলিফ ফান্ডে দেওয়ার ঘোষণা করেন। এদিকে ম্যাকলমোর তার সংগীত কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন। ‘ফ্রি প্যালেস্টাইন’ নামে নতুন ট্যুেরর ঘোষণা দিয়েছেন তিনি। ডাবলিন, লন্ডন ও প্যারিসে তার কয়েকটি শো আয়োজনের কথা জানানো হয়েছে। এসব শো থেকে পাওয়া অর্থ ফিলিস্তিনি সংগঠনগুলোকে দেওয়ার কথা জানিয়েছেন র্যাপারটি। সব মিলিয়ে ম্যাকলমোরকে ঘিরে বিতর্কের পর এবার ভয়াবহ আবহাওয়ার কারণে এড শিরানের কনসার্ট বাতিল হওয়ায় ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। অনেকেই দাবি করছেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলা শিল্পীকে বাদ দেয়ার প্রতিবাদে প্রকৃতিও ফিলিস্তিনের পক্ষ নিয়েছে।