সোনারগাঁয়ে বিয়ের ট্রলারডুবি ৪ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৮ পিএম
সোনারগাঁয়ে বিয়ের ট্রলারডুবি ৪ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চার সদস্যের শেষ মরদেহটিও উদ্ধার করা হয়েছে। ট্রলারডুবির তিন দিন পর গতকাল সোমবার দুপুরে মেঘনা নদীর শাখা মারিখালি নদী থেকে হেলাল উদ্দিনের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগে গত শনিবার সকালে মেঘনা নদী থেকে হেলাল উদ্দিনের তিন সন্তান, সজিব, সামিয়া ও শিশু সামিনের মরদেহ উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে সোনারগাঁয়ের হাড়ীয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হয় তারা। দুটি গরু ও একটি ছাগলসহ ট্রলারটিতে মোট ১৩ জন যাত্রী নিয়ে ট্রলারটি বৈদ্যারবাজার এলাকার সোনামই এলাকায় পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে মাঝ নদীতে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আটজনকে জীবিত এবং রাশিদা নামে এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এঘটনায় হেলাল উদ্দিন ও তাঁর তিন সন্তান নদীর প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হন। ঘটনার পর থেকেই নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ যৌথ অভিযান শুরু করে। গত শনিবার সকালে তিন ভাই বোনের মরদেহ উদ্ধারের পর গতকাল সোমবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের হাতকোপা ও রতনপুর এলাকার মাঝামাঝি নতুন ব্রিজের নিচে মারিখালি নদীতে হেলাল উদ্দিনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদ চৌধুরী সাংবাদিকদের জানান, নিখোঁজ চারজনের মধ্যে বাকি থাকা হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়েই ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে