বিমানবন্দরে তর্ক-বিতর্ক, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৬, ০৪:১৩ পিএম
বিমানবন্দরে তর্ক-বিতর্ক, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা, হুমকি ও মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হতে পারে কি না, জানতে চাইলে ওসি বলেন, তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ মুহূর্তে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব হয়। একই সময়ে যাত্রীদের চাপ থাকায় বিমানবন্দরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মেজর (অব.) আখতারুজ্জামানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে আখতারুজ্জামান তাকে গালাগাল করেন, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন এবং মারধরের হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। এজাহারে বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্যের অভিযোগ আনা হয়েছে।

ঘটনার সময় আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের বাধা দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে আখতারুজ্জামান কামাল উদ্দিনকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় রয়েছে।

এসব অভিযোগে দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত চলছে বলে একটি সূত্রে জানানো হয়েছে।

এর আগে বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকট নিয়ে মেজর (অব.) আখতারুজ্জামানের সঙ্গে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের বাগ্বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে মামলায় আনা অভিযোগগুলোর বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে তিনি একাধিকবার বহিষ্কৃত হয়েছেন। একটি তথ্য অনুযায়ী, ২০২২ সালে তাকে পঞ্চমবারের মতো দলটি থেকে বহিষ্কার করা হয়। পরে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

আপনার জেলার সংবাদ পড়তে