যশোরের চৌগাছায় মটর সাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুই জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বালির গর্ত নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামের নুর হোসেনের ছেলে সুলেমান হোসেন (১৬), আব্দুল কাদেরের ছেলে ফরহাদ হোসেন (১৭) ও জালাল উদ্দীনের ছেলে তানজিম হোসেন (১৪) একটি মোটরসাইকেল ( যশোর- ১৭-৭২৮৬) যোগে কোটচাঁদপুর দিক থেকে চৌগাছার দিকে আসছিল। তারা বালির গর্ত নামক স্থানে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ফলবাহি আলমসাধুর ( স্থানীয় যানবাহন) সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে তারা তিনজনই মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুলেমানকে মৃত ঘোষণা করেন। অপর দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করে। অপরদিকে আলমসাধুর চালক কৌশলে পালিয়ে গেছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।