সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। একপেশে ম্যাচে অজিরা হেসেখেলে লক্ষ্য তাড়া করে নিলেও সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতির ব্যাটে যথাসম্ভব লড়াই করেছে বাঘিনীরা। ব্রিসবেনে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো ছিল না। দলীয় ২ রানে প্রথম এবং ৮ রানে দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। রানের খাতা খুলতে পারেননি ফারজানা হক ও শারমিন আক্তার, দুজনে যথাক্রমে ১৩ ও ১১ বল মোকাবেলা করেছেন। তাদের বিদায়ের পর দলের হাল ধরেন চারে নামা জ্যোতি ও পাঁচে নামা সোবহানা মোস্তারি। দুজনের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে অজিদের ভড়কে দেয় বাংলাদেশ। প্রথমে দুজনই উইকেটে সেট হন। সোবহানা দ্রুতই খোলস ছেড়ে বেরিয়ে আসেন। জ্যোতির অবশ্য কিছুটা সময় লেগেছে। ১২৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সোবহানা। জ্যোতির স্ট্রাইক রেট কম হলেও তুলে নেন অর্ধশতক। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেন সোবহানা মোস্তারি। শেষপর্যন্ত ৪৮তম ওভারের শেষ বলে, দলীয় ২০৩ রানে তাকে থামাতে সমর্থ হয় অস্ট্রেলিয়া। সাজঘরে যাওয়ার আগে স্বাগতিক ক্রিকেটাররা এগিয়ে গিয়ে বাহবা দিচ্ছিলেন তাকে। সোবহানাও ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দিতে দিতে মাঠ ছাড়েন। বিদায় নেওয়ার আগে ১৩৪ বলে করেন ১১৮ রান। কোনো ছক্কা না থাকলেও হাঁকান ১৮টি চার। শেষদিকে দ্রুত কিছু উইকেট হারায় বাংলাদেশ। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। অধিনায়ক জ্যোতি ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন, হাঁকান সাতটি চার। অস্ট্রেলিয়া অবশ্য এই রান তাড়া করে ফেলে ২৮.১ ওভারে, মাত্র ১ উইকেট হারিয়ে। ৭০ রান করে ফোবি লিচফিল্ড বিদায় নিলে এলিসা পেরিকে সঙ্গে নিয়ে জর্জিয়া ভল জয় নিশ্চিত করেন। ৯৭ বলে খেলেন ১৩১ রানের ইনিংস। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে অজিরা।