‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে র্যালি, দুর্যোগবিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনুর রহমান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা , একাডেমিক সুপারভাইজার ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক মানুষ কর্মসূচিতে অংশ নেন। দিবসের কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগকালীন প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আলোচনা সভায় আয়োজকরা বলেন, দুর্যোগ মোকাবিলায় পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি গড়ে তুলতে হবে। প্রাকৃতিক ও অন্যান্য দুর্যোগের ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা, প্রয়োজনীয় প্রস্তুতি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় জানা থাকলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগ সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।