পাটকেলঘাটা কপোতাক্ষ নদে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা, বিপর্যস্ত পরিবেশ

এফএনএস (পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ০৪:৩৩ পিএম
পাটকেলঘাটা কপোতাক্ষ নদে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা, বিপর্যস্ত পরিবেশ

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বাজারের কপোতাক্ষ নদের ধারে গড়ে ওঠা নীলিমা ইকোপার্ক ময়লা আবর্জনার ভাগাড়ে  পরিনত হতে চলেছে। নদের  পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের ধারে  বাজারের ব্যবসায়ীরা  ময়লা-আবর্জনা ও নিষিদ্ধ পলিথিন  ফেলে  মারাত্মক ভাবে পরিবেশ দুষিত করছে। এতে  হুমকিতে রয়েছে পথচারী ও সাধারন লোকজন।  দীর্ঘদিন ধরে বাজারের বর্জ্য ও পলিথিন ব্যাগ ফেলার কারণে নদীর পানি দূষিত হচ্ছে এবং তীরজুড়ে পলিথিনের স্তূপ তৈরি হয়েছে। যে কারনে নীলিমা ইকোপার্কে দর্শনার্থীদের আনাগোনা অনেকাংশে  কমে গেছে। 

দেড় যুগ আগে পরিবেশের জন্য চরম ক্ষতিকর উপাদান হিসেবে পলিথিনের ব্যবহার, উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করা হলেও এখনো প্রকাশ্যেই চলছে এর ব্যবহার।

 উপজেলার প্রতিটি বাজারেই-কাঁচাবাজার, মুদি দোকান, ফলের দোকান, কসমেটিকস থেকে শুরু করে হকার পর্যন্ত- নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে নিদিধায়।

স্থানীয় ব্যবসায়ী আসমত আলী, আব্দুরহিম সহ অনেকে  জানিয়েছেন, পলিথিন ব্যাগের দাম ঠোঙার তুলনায় অনেক কম, তাই মুনাফার কারণে তারা পলিথিন ব্যবহার করতে বাধ্য। এক দোকানদার বলেন, “এক কেজি পলিথিন দেড়শ টাকা, তাতে ২৫০টার মতো ব্যাগ পাওয়া যায়, কিন্তু একই দামে ঠোঙা কিনলে ৭০-৮০টার বেশি মেলে না। তাই লাভ রাখতে পলিথিনই ব্যবহার করি।”

এদিকে সাতক্ষীরা নাগরিক আন্দোলনের নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, “পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদন বা বিপণন করলে ১০ বছরের জেল বা ১০ লাখ টাকা জরিমানা হতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আইন থাকলেও তার প্রয়োগ নেই বললেই চলে।”

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, দেশের ৯০-৯৫ ভাগ মানুষ পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে জানলেও বিকল্প উপকরণ যেমন পাট, কাপড় বা কাগজের ব্যাগ সহজলভ্য ও সুলভ না হওয়ায় পলিথিনের ব্যবহার দিন দিন বাড়ছে। এতে নদী ও খাল-নালা ভরাট হচ্ছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পলিথিনে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থ মানবদেহে ক্যান্সার, কিডনি, চর্মরোগ ও বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়াচ্ছে। এখনই যদি এই নিষিদ্ধ পলিথিনের লাগাম টানা না হয়, ভবিষ্যতে এটি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

তালা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কার্যকর পদক্ষেপ না থাকায় কপোতাক্ষ নদসহ আশপাশের এলাকায় পলিথিনের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও বিক্রি বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক পরিবেশ সংকট তৈরি হবে। পাটকেলঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা জানান ইকোপার্কের ধারে বাজারের ময়লা যাতে অন্য জায়গায় ফেলার ব্যবস্থা করা যায় সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। 

এই বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, ময়লা-আবর্জনা ফেলার জায়গা অন্য কোন স্থানে করা যায় কিনা সেই ব্যবস্থা করা হবে ও সামনে পাটকেলঘাটা বাজারের পরিবেশ ভালো রাখার স্বার্থে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে