ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নতুন বছরের প্রথম দিনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরনের ধুম পড়তে দেখা গেছে। ওই দিন উপজেলার ৫৪টি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১৮টি কেজি স্কুল ও একটি মাদ্রাসার প্রত্যেক শিক্ষার্থীর হাতে হাতে নতুন বই তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে ক্ষিার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় বিদ্যালয় প্রধান শিক্ষিকা শামিমা ইয়াছমিন উপস্থিত ছিলেন। এছাড়া একই দিন দুপুর ১২ টায় উপজেলা সদরে বি.এস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান উপস্থিত হয়ে আরেক দফায় বই বিতরন করেন। এ সময় বিদ্যালয় প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা, সহকারী শিক্ষক শাহজাহান সিরাজ, শাহজাহান মোল্যা ও নজরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, উপজেলার আরও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, ৫৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৮টি কেজি স্কুলের শিক্ষকরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরন করে চলেছেন। এ বছর উপজেলার প্রাথমিক পর্যায়ের শিশুদের হাতে প্রায় ১০ হাজার ৪২৭ সেট নতুন বই এবং মাধ্যমিকে প্রায় ৬ হাজার ৯১০ সেট বই শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উৎফুল্লতা প্রকাশ করেছে।